বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশের ১২ শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান শিক্ষা সফরে চীনে যাওয়ার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে পাঁচ জনই দক্ষিণাঞ্চলের। ইতোমধ্যেই এই ১২ চেয়ারম্যানের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সব ঠিকঠাক থাকলে ১০ নভেম্বর তারা উড়বেন বেইজিংয়ের পথে।
চীন সফরের আমন্ত্রণ পাওয়া এ সব চেয়ারম্যান ২০০৭ সালে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ নির্বাচন করে থাকে।
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউপি চেয়ারম্যান মো. সেকেন্দার আলী মৃধা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার তিনি বেইজিং যাবার সরকারি আমন্ত্রণপত্র পেয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ডাকযোগে মনোনীত ১২ চেয়ারম্যানের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পাঠানো আমন্ত্রণপত্রে তাদের সবার নাম উল্লেখ রয়েছে।
দক্ষিণাঞ্চলের নির্বাচিত শ্রেষ্ঠ অপর চেয়ারম্যানরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের মো. আশ্রাব আলী হাওলাদার, মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের মো. মনিরুজ্জামান, রাজবাড়ীর বালীয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ইউনুছ আলী সরদার এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সুলতান আহম্মেদ।
এ ছাড়া অন্যরা হলেন, জামালপুর সদর উপজেলার বশিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.ওবায়দুল্লাহ, পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নুরুল ইসলাম, কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের মফিজদ্দিন মিয়া, বগুড়া সদর উপজেলার নন্দিগ্রাম ইউনিয়নের সুশান্ত কুমার সাহা, একই জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মো.সাইফুল ইসলাম, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের আবদুল খালেক নুরি এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মুন্সি রশিদুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৪৩ ঘ.
bdnews24