২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় চালু হচ্ছে রো রো ফেরি, পারাপারে সময় কমবে

মাওয়া ফেরিঘাটে সোমবার থেকে রো রো ফেরি চালু হচ্ছে বলে বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন। এতে ওই ঘাটে পারাপারের সময় কমবে। আগে এ ঘাটে ডাম্প ফেরি দিয়ে পারাপার করা হতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 07:58 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাওয়া ফেরিঘাটে সোমবার থেকে রো রো ফেরি চালু হচ্ছে বলে বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন। এতে ওই ঘাটে পারাপারের সময় কমবে। আগে এ ঘাটে ডাম্প ফেরি দিয়ে পারাপার করা হতো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) বরিশাল অফিসের ব্যবস্থাপক খালেদ নেওয়াজ শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতিমধ্যে পদ্মায় নতুন রুট তৈরি এবং দুটি পন্টুন স্থাপনের কাজ শেষ হয়েছে। ভাষা শহীদ বরকত এবং শাহ আলী নামের দুটি রো রো ফেরি আগামী সোমবার থেকে মাওয়া-চর মোনাজাত রুটে চলাচল শুরু করবে।" যোগাযোগ উপদেষ্টা আব্দুল মতিন সোমবার এ রুটে রো রো ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানান। ঢাকার কেরানীগঞ্জের মাওয়া পয়েন্ট এবং মাদারীপুরের কাওরাকান্দির চর মোনাজাত পয়েন্টে দুটি পন্টুন স্থাপনসহ নতুন সড়ক তৈরির কাজ শেষ হয়েছে। পদ্মার যে চ্যানেল দিয়ে রো রো ফেরি চলাচল করবে, সে সব চ্যানেলে ড্রেজিং করা হয়েছে। এ রুটে রো রো ফেরি চলাচল শুরু হলে মাওয়া হয়ে ঢাকা-বরিশাল যোগাযোগের সময় কমবে। রো রো ফেরিতে তিন দিক থেকে গাড়ি উঠে যে কোনো দিক থেকে তা সহজেই নামতে পারে বলে উঠা-নামাসহ পদ্মা পাড়ি দিতেও সময় লাগবে কম। এছাড়া সাধারণ ফেরির তুলনায় রো রো ফেরি প্রায় দ্বিগুণ পরিমাণ গাড়ি অর্থাৎ প্রতি ট্রিপে প্রায় ৩০টি ছোট-বড় গাড়ি পারাপারে সক্ষম। ফলে ঘাটে যানজটও অনেক কমবে। রো রো ফেরি চালু হলে এ রুটের জনপ্রিয়তা বাড়বে- এমন মন্তব্য করে খালেদ নেওয়াজ বলেন, "দক্ষিণাঞ্চলের জনসাধারণ প্রায় ২২৫ কিলোমিটার পথ অতিক্রম শেষে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পার হয়ে সাত ঘণ্টারও বেশি সময় ব্যয় করে ঢাকায় যাচ্ছে। কিন্তু মাওয়া হয়ে সড়ক পথে ঢাকার দুরত্ব মাত্র দেড়শো কিলোমিটার। ফেরি পারাপারে সময় বেশি লাগতো বলে অনেকে এ রুটে যেতে চাইতেন না। এখন সবাই এ রুটকে বেছে নেবে বলে আশা করি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৮ ঘ.