২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অর্থ আত্মসাত মামলায় নাসের রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

অর্থ আত্মসাত মামলায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানসহ সাতজনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করা হয়ছে। আগামী ২৯ নভেম্বর মামলার সাক্ষ্য নেওয়া শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 06:24 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

যশোর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাত মামলায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানসহ সাতজনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করা হয়ছে। আগামী ২৯ নভেম্বর মামলার সাক্ষ্য নেওয়া শুরু হবে। যশোরের বিশেষ জজ আদালতের বিচারক ওবায়দুস সোবহান শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন ও সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন। অভিযোগ শুনানির সময় বিএনপিদলীয় সাবেক সাংসদ নাসের রহমানকে আদালতে হাজির করা হয়। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন। মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে সরকার পক্ষের আইনজীবী আবুল হোসেন জানান, ১৯৯৫ সালে নাসের রহমানসহ কয়েকজন ব্যবসায়ী মিলে চীন থেকে ২১ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করেন। এর জন্য তারা অগ্রণী ব্যাংক যশোর দড়াটানা শাখায় ৮ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৬৪ টাকার ঋণপত্র খোলেন। সার আমদানির পর ব্যাংকের প্লেজ গোডাউনে না রেখে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে অভিযুক্তরা জাহাজ থেকেই বিক্রি করে দেন। এ ব্যাপারে ১৯৯৫ সালের ১৮ নভেম্বর যশোর জেলার তৎকালীন দুর্নীতি দমন কর্মকর্তা দুলাল উদ্দিন আকন্দ নয় জনকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা, অবৈধ ঋণপত্রের মাধ্যমে এ সার আমদানি করা হয়েছে। দুলালউদ্দিন আকন্দ নিজেই মামলাটি তদন্ত করে ১৯৯৭ সালের ২৭ ফেব্র"য়ারি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্তরা হলেন- মেসার্স সার বিপণীর সৈয়দ এনামুল করিম, ইউনিভার্সাল মার্কেন্টাইল কর্পোরেশনের ফরিদ খান, ইউনিভার্সাল এন্টারপ্রাইজের নাসের রহমান, দেশ ট্রেডার্সের সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, অগ্রণী ব্যাংক যশোর দড়াটানা শাখার ব্যবস্থাপক লুৎফর রহমান, একই ব্যাংকের একই শাখার কর্মকর্তা রেহেনা দিলশাত, ব্যাংকটির যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ দোহা, খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক আব্দুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আমিনুর রশিদ। মামলা চলার সময় আব্দুর রহমান ও লুৎফর রহমান মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২৬ ঘ.