২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের তথ্য গোপনের অভিযোগে মেয়র সরোয়ার ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

সম্পদের তথ্য গোপন করায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র মজিবর রহমান সরোয়ার ও তার স্ত্রী নাসিমা সরোয়ারসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার কমিশনের বরিশাল জেলার উপপরিচালক মো. ফজলুল হক কোতয়ালি থানায় মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 05:56 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বরিশাল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপন করায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র মজিবর রহমান সরোয়ার ও তার স্ত্রী নাসিমা সরোয়ারসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার কমিশনের বরিশাল জেলার উপপরিচালক মো. ফজলুল হক কোতয়ালি থানায় মামলাটি করেন। মামলার অপর অভিযুক্ত হলেন, সরোয়ারের বান্ধবী শামীমা আক্তার ছবি। সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিহীন ও হিসাব বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) থানায় একটি মামলা করেছে।" মামলার এজাহারে বলা হয়, দুর্নীতিবাজের তালিকাভূক্ত বিসিসি মেয়র মজিবর রহমান সরোয়ার কারা কর্তৃপক্ষের মাধ্যমে ২৬ জুলাই দুদকে সম্পদের বিবরণী দাখিল করেন। এতে তিনি নিজের নামে ৪ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৫৮২ টাকার স্থাবর ও ৫০ ভরি স্বর্ণালংকারসহ ২ কোটি ৫৮ লাখ ৫৩ হাজার ৪২৩ টাকার অস্থাবর সম্পদের হিসাব দেন। ওই বিবরণীতে সরোয়ারের স্ত্রী ও সন্তানদের নামে ৪৭ লাখ ২৫ হাজার টাকার স্থাবর ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ ২৩ লাখ ৩৭ হাজার ৯৪৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেওয়া হয়। টাস্কফোর্সের অনুসন্ধানে জানা যায়, সরোয়ার ও তার স্ত্রীর নামে দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে ২০ টি দলিলে দেখানো জমির দাম ১০ লাখ ৬৩ হাজার ৮৫ টাকা কম দেখানো হয়েছে। একইভাবে মেয়র তার কাউনিয়ার বাড়ির দাম ২১ লাখ ২১ হাজার ২৭৭ টাকা কম দেখিয়েছেন। এছাড়া মেয়র তার বান্ধবী শামীমা আক্তার ছবির নামে বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাটের জন্য ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে কিস্তি বাবদ এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ২০০ টাকা পরিশোধ করেছেন। একই সঙ্গে তিনি ছবিকে ২০০৬ সালের ৮ জুন একটি হোন্ডা গাড়ি কিনে দেন। গাড়ি বাবদ তিনি বিক্রয় প্রতিষ্ঠান করপোর্ট লিমিটেডকে ৯ লাখ ৫০ হাজার টাকা দেন। এগুলো তিনি ওই হিসাব বিবরণীতে উল্লেখ করেননি। সরোয়ার নিজের নামে গুলশান ও বনানীতে দু'টি ফ্ল্যাট, স্ত্রীর নামে গুলশানে কেনা একটি ফ্ল্যাটের প্রকৃত দাম কম দেখিয়েছেন। একইভাবে মেয়র তার নিজের নামে এইচএসবিসি ব্যাংক ধানমন্ডি শাখা ও ডাচ-বাংলা ব্যাংক বরিশাল শাখায় জমা রাখা টাকার একটি বড় অংশ গোপন করেছেন। সব মিলিয়ে তিনি ৩ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৮৯৯ টাকার সম্পদের হিসাবে গোপন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১০ ঘ.