ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার পত্রিকায় প্রকাশিত বক্তব্যকে 'ঔদ্ধত্যপূর্ণ ও রাষ্ট্রদ্রোহিতামূলক' হিসেবে অভিহিত করে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অবিলম্বে বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন।
বুধবার একাধিক দৈনিকে প্রকাশিত হয় যে মঙ্গলবার জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা বলেছেন, "কেউই আন্তরিকতা কিংবা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। কেউ সুন্দরী নারীর লোভে, কেউ হিন্দুর সম্পদ লুন্ঠন, কেউ ভারতীয় স্বার্থরক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নেয়। "
বেশ কয়েকটি প্রগতিশীল সংগঠন তীব্র ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
বাম গণতান্ত্রিক মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক খালেকুজ্জামান ও সদস্যরা বিবৃতিতে আলী আহসান মুজাহিদ, শাহ আব্দুল হান্নান ও কাদের মোল্লার বক্তব্যকে 'ধৃষ্টতাপূর্ণ ও অশালীন' আখ্যা দিয়ে বলেছেন, একাত্তরে যারা নারী "গনিমতের মাল" বলে ফতোয়া দিয়েছে তারা আবারো একই সুরে কথা বলছে। অবিলম্বে বিশেষ ট্রাইবুনাল গঠন করে এদের বিচারের দাবি জানান তারা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপন ও সাধারণ সম্পাদক নিখিল দাস এক বিবৃতিতে কাদের মোল্লার বিচারের দাবি জানিয়ে বলেছেন, অবিলম্বে আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।
একই দাবি জানিয়ে দেশের কয়েকজন চিকিৎসক বলেছেন, " আমরা তীব্র ক্ষোভ ও ঘৃণার সঙ্গে লক্ষ্য করছি মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আল শামসদের সংগঠন জামায়াতে ইসলামীর নেতারা ধৃষ্টতার সঙ্গে বলছে দেশে কোনো যুদ্ধাপরাধী নেই। একথা বলার মাধ্যমে তারা আমাদের জাতীয় পরিচয়ে কালিমা লেপন করায় অবিলম্বে তাদের বিচার করা হোক।"
চিকিৎসকদের মধ্যে রয়েছেন অধ্যাপক রশিদ-ই মাহাবুব, রুহুল হক, মোয়াজ্জেম হোসেন , গাজী আবদুল হক, ইকবাল আর্সলান, নাজমুন নাহার, মুশতাক হোসেন প্রমুখ। চিকিৎসকদের পক্ষে বিএমএ কার্যকরী পরিষদের সাবেক সদস্য মুশতাক হোসেন বিবৃতিটি প্রচারমাধ্যমের কাছে পাঠিয়েছেন।
গণসংস্কৃতি ফ্রন্ট যুদ্ধাপরাধীদের 'অশুভ চক্রান্ত' রুখে দাঁড়ানোর জন্য জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এজন্য অবিলম্বে বিশেষ ট্রাইবুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/১৮৪৫ঘ.
bdnews24