২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত

সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তাড়াশ উপজেলার হাটিকুমরুল-নাটোর সড়কের হরিণচরা এলাকায় বুধবার ভোরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত এবং পাঁচ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তাড়াশ উপজেলার হাটিকুমরুল-নাটোর সড়কের হরিণচরা এলাকায় বুধবার ভোরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত এবং পাঁচ জন আহত হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাফিজ জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস হরিণচরা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসযাত্রী। এর মধ্যে ঘটনাস্থলেই এক জন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় অপর দুই জন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি জানান, শিবপুর উপজেলার কারার চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার রাত ১০টার দিকে মালবাহী একটি ট্রাকের সঙ্গে একটি মোটর সাইকেলের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এর মধ্যে তিন জনই মোটর সাইকেল আরোহী। শিবপুর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, চাকা নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বাতিবিহীন লাকড়ি বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মোটর সাইকেল চালক টেকনো ড্রাগসের বিক্রয় প্রতিনিধি পিন্টুদেব নাথ (৩০) ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত দুই মোটর সাইকেল আরোহী ও ট্রাকের সঙ্গে থাকা এক ব্যবসায়ীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক নূরুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর টেকনো ড্রাগসের অপর বিক্রয় প্রতিনিধি অরবিন্দু হিরা (৪৮) ও স্থানীয় মুন মেডিসিন কর্নারের মালিক কাউছার হোসেন (৩০) মারা যায়। লাকড়ি ব্যবসায়ী আব্দুস ছাত্তারকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলে শিবপুর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩৪ ঘ.