ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী মায়ার পরিবারের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আগামী ৪ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানার সম্মুখীন হওয়া মায়ার পরিবারের সদস্যরা হলেন তার স্ত্রী পারভিন চৌধুরী, দুই ছেলে সাজেদুল হোসেন চৌধুরী ও রাশেদুল হোসেন চৌধুরী এবং সাজেদুলের স্ত্রী সুবর্ণা চৌধুরী।
গত ১৩ জুন সুত্রাপুর থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নুরুল আলম মামলাটি দায়ের করেন।
২৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মায়া, তার স্ত্রী, দুই ছেলে ও এক ছেলের স্ত্রী এ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মায়ার আরেক ছেলে রিফাত সাঈদ চৌধুরী এবং রাশেদুলের স্ত্রী ফারহানা চৌধুরীকে বাদ দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রতিমন্ত্রী থাকাকালে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত উৎস থেকে ৫ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন এবং ৬ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৪১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআরএফ/এমএসবি/এমএইচবি/২০১৮ ঘ.
bdnews24