ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদার অব্যাহতির আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ ইশতিয়াক হোসাইন আবেদন খারিজ করে দিয়ে আগামী ৩১ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
নাজমুল হুদা ও তার ভাই কামরুল হুদাসহ ছয়জনের বিরুদ্ধে দোহার থানায় দায়ের হওয়া চাঁদাবাজি মামলা থেকে নাজমুল হুদার অব্যাহতি চেয়ে রোববার আদালতে শুনানি করেন তার আইনজীবীরা।
মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত জানিয়ে সোমবার বিচারক সেটি নাকচ করে দেন।
দুই লাখ টাকা চাঁদা দাবি ও এর মধ্যে এক লাখ টাকা আদায়ের অভিযোগ এনে গত ৬ মার্চ দোহার থানার চরবৈতা গ্রামের মো. আইয়ূব আলী মামলাটি দায়ের করেন। গত ৯ আগস্ট এর অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৮৪০ ঘ.
bdnews24