ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দিনের বেলায় বাংলাদেশ সীমান্তে গুলি না করার আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 'বর্ডার সিকিউরিটি ফোর্স' (বিএসএফ)। একই সঙ্গে বাংলাদেশের ভিতরে ভারতীয় বিছিন্নতাবাদীরা অবস্থান করছে বলে বিচ্ছিন্নতাবাদীদের ১৪১ টি অবস্থানের তালিকা দিয়েছে বিএসএফ।
সোমবার ঢাকায় শেষ হওয়া বিডিআর-বিএসএফ এর মধ্যে পাঁচদিনব্যাপী সীমান্ত সম্মেলনে বিএসএফ এর পক্ষ থেকে ওই আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে সম্মেলনে বিডিআর এর পক্ষ থেকে ভারতে পালিয়ে থাকা ১৫৯১ জন বাংলাদেশীর একটি তালিকা বিএসএফ কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও বিএসএফ এর মহাপরিচালক আশীষ কুমার মিত্র 'রেকর্ডস অব ডিসকাশনস' এ স্বাক্ষর শেষে এক সংবাদ সম্মেলনে বৈঠকের নানা দিক তুলে ধরেন।
মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, বিএসএফ পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে গুলি করার বিষয়ে আরো সংযম প্রদর্শন করা হবে। দিনের বেলায় গুলি করা থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছে বিএসএফ।
তিনি জানান, "এক বছরে যত বাংলাদেশী সীমান্তে নিহত হয়েছে তাদের মধ্যে ২ জন বাংলাদেশের ভূখন্ডে ছিল। বাকী সবাই ভারতীয় ভূখন্ডে ছিল। গত ৮ মাসে ৮২ জন সীমান্তে গুলিতে নিহত হয়েছে। অধিকাংশকেই ওপারের ১৫০ গজের ভিতরে পাওয়া গেছে। যারা রাতে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে তাদের নির্দোষ বলা যায়না। তবে তাদের গুলি করে হত্যা করা উচিত না। আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।"
বিএসএফ এর মহাপরিচালক বলেন, "৯৪ থেকে ৯৬ ভাগই রাতের বেলা মারা গেছে। যারা রাতে সীমান্ত অতিক্রম করে তদের নিরীহ আমরা কিভাবে বলি। ভারত থেকে কেউ বাংলাদেশে ঢুকতে চাইলে বিডিআর এরও গুলি করার অধিকার আছে। তবে গুলি না করে আটক করার বিষয়ে সহমত পোষণ করছি।"
ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের বিষয়ে বিডিআর মহাপরিচালক বলেন, ভারতে পালিয়ে থাকা ১৫৯১ জনের একটি তালিকা বিএসএফ কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসীদের ক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সম্ভব হলে তাদের ফেরত পাঠাবে ভারত।
এ সম্পর্কে বিএসএফ এর মহাপরিচালক আশীষ কুমার মিত্র বলেন, ইতিমধ্যে তিনজনকে হস্তান্তর করা হয়েছে। অনেকের আদালতে বিচার হওয়ার কথা আছে। বিএসএফ সীমান্ত ব্যবস্থাপনা পরিচালনা করে। তবে যাদের বিরুদ্ধে কলকাতা বা যে কোন স্থানে মামলা চলছে তাদের প্রক্রিয়া শেষে অনুমতি দিলে বিডিআর এর কাছে হস্তান্তর করা হবে।
মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, অচিহ্নিত এলাকায় সীমানা চিহ্নিত করা এবং সীমানা পিলার স্থাপন করার বিষয়ে বিডিআর এর পক্ষ থেকে বলা হয়েছে। জিরো লাইনের ১৫০ গজের মধ্যে উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করে ফেলা ও সীমান্ত নদীগুলোর বাঁধ যৌথনদী কমিশনের মাধ্যমে শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত সীামান্ত চুক্তির বাস্তবায়ন হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
বিএসএফ এর মহাপরিচালক বলেন, সেক্টর কমান্ডার পর্যায়ে বেশি করে বৈঠক করতে হবে। এতে করে অনেক সমস্যার সমাধান হবে।
বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিছিন্নতাবাদীদের অবস্থান উল্লেখ করে তিনি বলেন, "গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের কোথাও কোথাও আছে বলে জানা গেছে। এর একটি তালিকা বিডিআরকে দেওয়া হয়েছে। এটা সঠিক হলে ব্যবস্থা নেওয়া হোক। সে ভারতীয় বা বাংলাদেশী সন্ত্রাসী যেই হোকনা কেন। গত দুই মাসে বিডিআর দুটি ক্যাম্প ধ্বংস করেছে। বিডিআরকে ১৪১টি ক্যাম্পের তালিকা দেওয়া হয়েছে। গত বৈঠকে ১৭৬টির তালিকা দেওয়া হয়েছিল।"
এ সম্পর্কে মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন," যতটুকু জানি বাংলাদেশের অভ্যন্তরে এ ধরনের কোনও ক্যাম্প নেই। পার্বত্য এলাকায় দীর্ঘ সীমান্ত রয়েছে। সেখানে বাংলাদেশী সন্ত্রাসী থাকতে পারে। তবে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পার্বত্য এলাকায় দুটি পরিত্যক্ত আস্তানা ধ্বংস করা হয়েছে। সেখানে কেউ ছিল না। যে কেউ সেটা ব্যবহার করে থাকতে পারে। এসব এলাকায় আমাদের কোন বিওপি নেই।"
বহুল আলোচিত কাাঁটাতারের বেড়া সম্পর্কে বিএসএফএর মহাপরিচালক বলেন, কাঁটাতারের বেড়া দিতে হবে এমন ২৬৫টি স্থান আছে। মোট ২/৩শ' কিলোমিটার এলাকায় ১৫০ গজের ভিতের বেড়া দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনও সাড়া মিলেনি। আন্ত: সীমান্ত সন্ত্রাস রোধের জন্য এটা করা হচ্ছে।
বিএসএফ এর মহাপরিচালক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় জাল টাকা বাংলাদেশ থেকে যাচ্ছে। অনেকেই ধরা পড়েছে। ওদের কাছ থেকে তথ্য পেয়ে আমরা প্রেসসহ অপরাধীদের তালিকা দিয়েছি।
তিনি বলেন, দুইদেশের পারস্পরিক আস্থা অর্জনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে শিশুদের ভারতে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ওদের ভারত ঘুরে দেখাবো। এতে সম্পর্ক আরও ভালো হবে।
সংবাদ সম্মেলনে দুই পক্ষ থেকেই বলা হয়, সীমান্ত সর্ম্পকিত বিষয়গুলো নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সম্মেলনে মাদক চোরাচালান রোধে একে অপরকে সহায়তা করা এবং অস্ত্র, বিস্ফোরক পাচার নিয়েও আলোচনা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৩৩৭ঘ.
bdnews24