২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোর বিরুদ্ধে রিমান্ড আবেদন নাকচ

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে রিমান্ডের নেওয়ার আবেদন না মঞ্জুর করেছে আদালত। তবে আদালত বলেছে, প্রয়োজনীয় তদন্তের স্বার্থে তাকে জেল গেটে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করতে পারবে। সোমবার বেলা ১১টা ২৫মিনিটে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ মিজানুর রহমান এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 06:25 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে রিমান্ডের নেওয়ার আবেদন না মঞ্জুর করেছে আদালত। তবে আদালত বলেছে, প্রয়োজনীয় তদন্তের স্বার্থে তাকে জেল গেটে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করতে পারবে। সোমবার বেলা ১১টা ২৫মিনিটে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ মিজানুর রহমান এ আদেশ দেন। গত ২২ অক্টোবর মহানগর হাকিম মোহাম্মদ মিজানুর রহমানের আদালতে দুর্নীতি দমন কমিশনের চাওয়া সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জহিরুল হুদা কোকোকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান। তবে কোকো অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি বলে আজ সোমবার এই শুনানির দিন ধার্য করা হয়। কোকোকে এ মামলায় গত ৩ সেপ্টেম্বর সাত দিনের রিমান্ডে নেওয়া হলেও রিমান্ডের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ রেখেই ৫ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছিল। ৭ সেপ্টেম্বর থেকে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুরে আইসিডিতে দুর্নীতির দায়ে মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১২১৫ঘ.