ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাড্ডা থানা পুলিশ রোববার দুপুরে উত্তর বাড্ডার হোসেন মার্কেট থেকে ২১ হাজার চারশ বোতল দেশি মদ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমেনুল আহসান জানান, গোপন খবর পেয়ে পুলিশ হোসেন মার্কেটের বেজমেন্টে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করে।
তিনি জানান, ওই মার্কেটে এল এইচ কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মদ তৈররি অনুমতি আছে। তবে মদ উদ্ধারের সময় এগুলোর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এর আগেও যৌথবাহিনী সেখান থেকে বিপুল পরিমাণ মদসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গ্রেপ্তারকৃতরা পরে জামিনে বের হয়ে আবার ব্যবসা শুরু করে।
বাড্ডা থানার পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তিনটি পিকআপের মধ্যে মদের বোতলগুলো রক্ষিত ছিল। এগুলোর বিক্রেতা ও ক্রেতাসহ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হচ্ছে, শিল্পী (৪০), হামিদা (৪০), লিপটন (২৭), আনোয়ার (৩০), কার্তিক চন্দ্র সরকার (৩০), হোসেন (১৮), আসাদুল (১৮), নুরুদ্দীন (২৩), হেলাল (৩৫), শহীদ (৩০) ও গফুর (৪৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২২৫২ ঘ.
bdnews24