ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ের তৈরি পোশাক কারখানা 'নাসা মেইনল্যান্ড' কারখানার শ্রমিকরা দাবি করেছে, কারখানা কর্তৃপক্ষ তাদের নামে মিথ্যা মামলা করেছে। পাশাপাশি কারখানা বন্ধ রেখে মালিকপক্ষ তাদের নানাভাবে হয়রানি করছে। তাদের এ কাজে সহায়তা করছে নিরাপত্তা বাহিনীও।
রোববার বিকেলে রাজধানীর পুরানো পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারখানার শ্রমিকরা এসব অভিযোগ করে। কারখানার শ্রমিক প্রতিনিধি আব্দুর রহমান, রাবেয়া খাতুন ও শিউলি বেগমসহ বেশ কয়েকজন সেখানে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই রোববার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নাসা গ্র"পের মালিকপক্ষের একটি বিজ্ঞাপনের প্রতিবাদ জানায় শ্রমিকরা। ওই বিজ্ঞাপনে কারখানা কর্তৃপক্ষ দাবি করে, কিছু সংখ্যক 'উচ্ছৃঙ্খল' শ্রমিকের 'অযৌক্তিক' দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্রমিকরা পাল্টা অভিযোগ করে জানায়, গত মাসের শেষের দিকে রোজার সময় ইফতারি ভাতা নিয়ে শ্রমিক আন্দোলনের পর ২৪ সেপ্টেম্বর বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ১১ দফা চুক্তি হয়। কিন্তু এরপর প্রতিশ্র"তি ভঙ্গ করে মালিকপক্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে চারটি মামলা করে।
মামলাগুলোতে চুক্তি স্বাক্ষরকারী শ্রমিক মর্জিনাসহ অজ্ঞাতনামা কয়েকশ শ্রমিককে আসামি করা হয়। পরে ১২ অক্টোবর ঈদের একদিন আগে মর্জিনাকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া, হাসিনা, কবিতা, জাহিদ, পারুল, শাহীন, সালাম, আলমগীর ও শিল্পীসহ আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের পর ১৭ অক্টোবর থেকে গ্রেপ্তার আতংকের মধ্যেই শ্রমিকরা কাজ শুরু করে। এ সময় নানা ধরনের হয়রানি শুরু করে কর্তৃপক্ষ। ২২ অক্টোবর রাতে মালিকপক্ষ কারখানা থেকে কাঁচামালসহ অন্যন্য মালামাল সরিয়ে ফেলে। পরদিন কাঁচামালের অভাবে শ্রমিকরা কোনো কাজ করতে পারেনি। ২৪ অক্টোবর সকালে শ্রমিকরা আবারো কাজে গেলে পুলিশ, র্যাব ও বিডিআরসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারখানায় ঢোকার সব পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখে। এ সময় কয়েকজন শ্রমিক প্রতিবাদ জানালে তাদের মারধোর করে গ্রেপ্তার করা হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, বিজিএমইএ এবং শ্রম অধিদপ্তরের প্রতিনিধিরা ২৩ ও ২৪ অক্টোবর শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু এ সময়ে মালিকপক্ষ কারখানা বেআইনিভাবে বন্ধ করে দেয়। এখন পুলিশ শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও মালিকপক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। এমনকি মালিকপক্ষ স্থানীয় বাড়িওয়ালাদের ডেকে নাসার শ্রমিকদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্যও চাপ দিচ্ছে।
সংবাদ সম্মেলনে এসব হয়রানি বন্ধের পাশাপাশি গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/ এমএ/১৮০১ঘ.
bdnews24