ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য ও ইউরিয়া সার পরিস্থিতিসহ সরকারি কর্মকাণ্ডের বাস্তব অবস্থা দেখার জন্য এখন থেকে প্রতিসপ্তাহে জেলা-উপজেলা যাবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম শনিবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য সরকারি ছুটির দিনে উপদেষ্টারা মাঠ পর্যায়ে সফর করবেন। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। পরে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টাকে মাঠ পর্যায়ের অবস্থা জানানো হবে।
তিনি বলেন, "উপদেষ্টার ফিল্ড ভিজিটের জন্য উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের তারিখ শনিবার থেকে পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়েছে।"
শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান ফাহিম মুনেম।
তিনি বলেন, "উপদেষ্টারা মাঠ পর্যায়ে পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন, জনগণসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের সঙ্গে কথা বলবেন। কোনে বিষয়ে সমস্যা থাকলে উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে তা সমাধান করবেন। এজন্য প্রয়োজন হলে তারা ঢাকার সঙ্গে কথা বলবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএইচবি/১৯০৩ ঘ.
bdnews24