বরগুনা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাথরঘাটা থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় সনদবিহীন এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ভুয়া চিকিৎসক হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের এম এ আকবার। একই সঙ্গে তার সহযোগী বরগুনা সদর উপজেলার আমলকিতলা গ্রামের শামিম আহম্মেদকেও গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, এম এ আকবারকে পাথরঘাটা উপজেলা সদরে নিয়ে এসে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে মাইকিং করে শুক্রবার শামিম অপটিক্যালে চক্ষু ক্যাম্প শুরু করা হয়। ওই সময় পুলিশ চ্যালেঞ্জ করলে আকবার ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হন। পরে দুজনকেই গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান হেলাল উদ্দিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24