২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আগুনে ৮ দোকান ছাই, আহত ১০

জেলা শহরের থানারপুল এলাকায় শুক্রবার রাতে আগুন লেগে আটটি দোকান ও দুটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের থানারপুল এলাকায় শুক্রবার রাতে আগুন লেগে আটটি দোকান ও দুটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন। একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওই এলাকার একটি দোকানের মালিক মো. জহির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টা দিকে এলাকার একমাত্র পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের আটটি দোকান ও দুটি বাড়িকে গ্রাস করে। পরে যৌথবাহিনীর সহায়তায় দমকল বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ১০ জন আহত হন বলে মো. জহির জানান। এর মধ্যে আফরোজা বেগম (৩৫), প্রদীপ (৩২), সঞ্জয় (২৪) ও তাপসকে (২২) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, একটি পেট্রোলের দোকান, একটি লন্ড্রি, দুটি হোটেল, চারটি চা দোকান। এছাড়া দোকান সংলগ্ন আলম বেপারী ও চান মিয়ার বসত ঘর পুড়ে যায়। আলম বেপারী জানান, আগুন লাগার সময় বাড়িতে তার লোকজন ঘুমিয়ে ছিলো। ফলে সবাই প্রাণ নিয়ে বের হতে পারলেও মালপত্র কিছুই সরাতে পারেননি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে দমকল বাহিনীর স্টেশন অফিসার ফারুখ হোসেন জানিয়েছেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.