২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর গুলি চুরির পর বিক্রি করতে গিয়ে ফেঁসে গেলেন পুলিশ সদস্য

সরকারি গুলি চুরি করার পর তা বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বরিশাল পুলিশ লাইনসের এক কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 07:00 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

বরিশাল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি গুলি চুরি করার পর তা বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বরিশাল পুলিশ লাইনসের এক কনস্টেবল। এ ঘটনায় পুলিশ বাদি হয়েই ওই কনস্টেবল মো. জলিল বিশ্বাসের (৩০) বিরুদ্ধে একটি মামলা করেছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বরিশালের পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী জানিয়েছেন। সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতে কনস্টেবল জলিল তার সহকর্মী মহিউদ্দিনের কাছে পাঁচ রাউন্ড গুলি বিক্রির প্রস্তাব দেয় বলে অভিযোগ এলে জলিলকে হাতে নাতে ধরতে ফাঁদ পাতা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চাইনিজ রাইফেলের পাঁচ রাউন্ড গুলি মহিউদ্দিনের কাছে বিক্রির সময় ওঁৎ পেতে থাকা পুলিশ কর্মকর্তারা জলিলকে আটক করে। গুলিগুলো মহিউদ্দিনের কাছ থেকেই আগে চুরি করা হয় বলে তিনি (মহিউদ্দিন) অভিযোগ করেছেন।" কনস্টেবল মহিউদ্দিন বাদি হয়ে শুক্রবার বিকেলেই জলিলের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। এর পর সন্ধ্যায় জলিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ সুপার তওফিক মাহবুব জানান, চাকরির বিধান অনুযায়ী জলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৮ ঘ.