ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্ববাজারে অব্যহতভাবে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় এশিয়ার দরিদ্র জনগোষ্ঠী আরও দারিদ্র্যের মুখে পড়বে বলে ইউএনডিপি'র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রকাশিত 'ওভারকামিং ভালনেরাবিলিটি টু রাইজিং অয়েল প্রাইস: অপশনস ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক' শীর্ষক জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) এ প্রতিবেদনে বলা হয়, " তেলের দাম বাড়তে থাকায় সামনের দিনগুলোতে দরিদ্রদের অবস্থা আরো খারাপ হতে পারে।"
প্রতিবেদনে বলা হয়, গত চার বছরে জ্বালানি তেলের দাম তিনগুণ বেড়েছে। এখন প্রতি ব্যারেল তেলের দাম ৯০ ডলার। এর মানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণ ২০০৩ সালে জ্বালানি তেলের জন্য যা ব্যয় করতো তার তুলনায় বর্তমানে ৪০ হাজার কোটি ডলার বেশি খরচ করছে।
প্রতিবেদন প্রকাশের সময় ইউএনডিপি'র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হাফিজ পাশা বলেন, "জ্বালানি তেলের জন্য এ অতিরিক্ত ব্যয় এ অঞ্চলে বছরে বরাদ্দ সাহায্যের ২০ গুণ। এই বিপুল পরিমাণের ব্যয় বহন এ অঞ্চলের দেশগুলোর জন্য সত্যিকারের একটি বড় ইস্যু।"
দাম বাড়ার প্রভাব তুলে ধরে থাইল্যান্ডের জ্বালানি বিষয়ক মন্ত্রী পিয়াসভাস্তি আমরানান্দ বলেন, "এই সময়ের মধ্যে তেলের দাম এত বেড়েছে যে তা মোকাবেলায় অনেক বিকল্প প্রযুক্তি উদ্ভাবন ও বাস্তবায়ন আশা করছি। এসব নতুন প্রযুক্তি সুফল সবাই পাবে।"
ইউএনডিপির প্রতিবেদনে জানানো হয়, জ্বালানি তেলের দাম বাড়ায় ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে এ অঞ্চলের জ্বলানি ব্যয় বেড়েছে ৭৪ শতাংশ। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও লাওসের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে অনেকেই তাদের জ্বালানি ব্যবহার কমিয়ে দিয়েছে উল্লেখযোগ্য হারে।
আমদানী করা জ্বালানি তেলের ওপর যেসব দেশের প্রবৃদ্ধি নির্ভরশীল সেসব দেশের জন্য অয়েল প্রাইস ভালনেরাবিলিটি (ওপিভিআই) সূচক তৈরি করে দেশগুলোর সূচক অনুসারে তালিকা করা হয়েছে প্রতিবেদনে। আমদানি করা তেল ও অর্থনীতির মধ্যে নির্ভরশীলতা নির্দেশ করে এমন ১৮টি বিভিন্ন সূচকের তথ্যের ওপর নির্ভর করে ওপিভিআই সূচক নির্ধারণ করা হয়।
এই ওপিভিআই তালিকা অনুসারে মালদ্বীপ, কম্বোডিয়া ও শ্রীলঙ্কা সবচেয়ে বেশি নড়বড়ে অবস্থায় রয়েছে। কারণ দেশগুলোর অর্থনীতি অনেক বেশি আমদানি তেলের ওপর নির্ভরশীল। তুলনামূলক কম অনিশ্চয়তায় আছে মালয়েশিয়া ও থাইল্যান্ড। কয়লার মতো বিকল্প জ্বালানী উৎস থাকায় চীন ও ভারত এ মুহুর্তে জ্বালানি তেলের দাম বাড়ায় তেমন প্রভাবিত হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা থেকে স্বল্পোন্নত দেশগুলোকে রক্ষা করতে 'দি এশিয়া প্যাসিফিক অয়েল ফিন্যান্স ফ্যাসিলিটি'র (এপি-সিওআইএল) প্রস্তাব দেওয়া হয় প্রতিবেদনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেআর/এসআর/টিএইচ/এমএসবি/০১১৩ ঘ.
bdnews24