ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - একমাস সময় বাড়ানোর পরও চলতি ২০০৭-০৮ কর বছরে ২২ লাখ টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার মধ্যে ২৩ অক্টোবর পর্যন্ত দুই লাখ সাত হাজার ৫০৩ জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
এ পরিস্থিতিতে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরেক দফা বাড়ানোর চিন্তাভাবনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ ব্যাপারে এনবিআরের আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমদ বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ব্যবসায়ী, কর আইনজীবিসহ বিভিন্ন সংগঠন থেকে রিটার্ন দাখিলের মেয়াদ আরেকদফা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এখন পর্যন্ত খুব কম সংখ্যক করদাতাই রিটার্ন জমা দিয়েছেন। আমরা আশা করেছিলাম এবার দশ লাখের মতো করদাতা আয়কর রিটার্ন জমা দেবেন। এ পর্যন্ত দিয়েছেন দুই লাখের কিছু বেশী করদাতা। যদিও আরও কয়েকদিন সময় আছে, কিন্তু এ সময়ে খুব বেশী রিটার্ন জমা পড়বে বলে মনে হয় না।"
এ বাস্তবতায় তিনি মনে করেন রিটার্ন দাখিলের মেয়াদ বাড়ানো উচিৎ।
এর আগে মঙ্গলবার এনবিআরের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেছিলেন, ''রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক বিষয় বিবেচনা করে মেয়াদ বাড়ানো হবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।''
আয়কর বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেলে এনবিআরের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে রিটার্ন দাখিলের মেয়াদ বাড়ানোসহ অন্যান্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। মেয়াদ বাড়ানোর ব্যাপারে প্রধান উপদেষ্টা ইতিবাচক সাড়া দিয়েছেন।
রিটার্ন জমা দেওয়ার সময় কতোদিন বাড়ানো হবে সে ব্যাপারে এনবিআর আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
প্রথম দফায় চলতি ২০০৭-০৮ কর বছরের জন্য ব্যাক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। এরপর বিভিন্ন মহল ও সংগঠনের দাবির পরিপেক্ষিতে এ সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। এরপরও কাক্সিক্ষত রিটার্ন জমা না পড়ায় এ সময়সীমা আরেকদফা বাড়ানো হচ্ছে।
এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর পর্যন্ত দুই লাখ সাত হাজার ৫০৩ জনের আয়কর রিটার্ন থেকে সরকার কর পেয়েছে ৪৩২ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৮২ টাকা। আর গত বার পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জনের কাছ থেকে কর জমা পড়েছিলো ২৫২ কোটি ১৪ লাখ টাকা। গতবারও এক দফা সময় বাড়ানো হয়েছিল।
আলী আহমদ বলেন, ''এবার সংখ্যার দিক দিয়ে কম করদাতা রিটার্ন দাখিল করলেও গতবারের চেয়ে সরকার অনেক বেশী কর পেয়েছে। এ থেকে প্রমাণ হয় মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা বেড়েছে।''
চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দেওয়ার জন্য ধার্য জরিমানা কমানো হয়েছে। আগে সময়মত রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হতো আড়াই হাজার টাকা এবং প্রতিদিনের জন্য ২৫০ টাকা। এবার জরিমানা এক হাজার টাকা করা হয়েছে এবং প্রতিদিনের জন্য দিতে হবে ৫০ টাকা।
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার, ঢাকা কর আইনজীবি সমিতিসহ বিভিন্ন সংগঠন ঈদ ও পূজার ছুটির কারণে বেশ কয়েকদিন অফিস বন্ধ থাকার যুক্তি দেখিয়ে রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়াতে লিখিতভাবে দাবি জানিয়েছে।
চলতি অর্থবছর ব্যাক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা হচ্ছে এক লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার উপরে তাদের আয়কর দিতে হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/জিএনএ/২০৫৬ ঘ.
bdnews24