ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ, ঠাকুরগাঁও, ফরিদপুর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃহস্পতিবার সকালে বাসচাপায় মারা যায় এক শিশু। ঠাকুরগাঁওয়ে বাস ও মিশুকের সংঘর্ষে দুজন ও ফরিদপুরে ট্রাকচাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
সিরাজগঞ্জে গত বুধবার রাতে বাস দুর্ঘটনায় এক আনসার সদস্য ও এক পথচারী নিহত হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার লৌহজং উপজেলার উত্তর মেদেনীমণ্ডল গ্রামে ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে খুলনাগামী বনফুল পরিবহনের একটি বাসের চাপায় নিরব (৭) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ ঘটনা কেন্দ্র করে মহাসড়কটিতে ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
লৌহজং থানার উপ পরিদর্শক মো. জাফর মিয়া জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিরব উত্তর মেদেনীমণ্ডল গ্রামের দর্জি মোশারফ হোসেনের ছেলে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজানে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আরো দুজন আহত হয়।
নিহতরা হলেন, মিশুক যাত্রী কালমেঘ মাদ্রাসার প্রভাষক তাজমুল হক (৩৫) ও চালক জয়নুল (৪০)। তাদের দুজনের বাড়ি বালিয়াডাঙা উপজেলায়।
দুর্ঘটনায় তাজমুল হকের বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কাওসারা বেগম (২০) ও আফিনা (১৫) গুরুতর আহত হয়। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী জানান, সকালে ভেলাজানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ ও মিশুকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মিশুকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুজন নিহত হয়।
ওসি বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
ফরিদপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে ট্রাকচাপা পড়ে পারভীন আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালালউদ্দিন জানান, মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী পারভীন বৃহস্পতিবার সকালে কলেজে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করে। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারভীন বোয়ালমারী উপজেলার হাটখোলার চর গ্রামের আউয়ুব শেখের মেয়ে।
ওসি জালালউদ্দিন জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রংপুর থেকে ঢাকাগামী উত্তরণ পরিবহনের একটি বাস বুধবার রাত ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়কের পাশে উল্টে যায়। রাস্তা পার হতে যাওয়া আব্দুর রশীদ (৩২) নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় পথচারী আব্দুর রশীদসহ বাস যাত্রী আনসার সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান। মোহাম্মদ আলীর বাড়ি রংপুরের ঘাটঘোটিয়া গ্রামে, অন্যদিকে আব্দুর রশীদের বাড়ি কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে।
দুর্ঘটনায় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছে। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতু (পশ্চিম) থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. রওশন মোস্তফা দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৭০০ ঘ.
bdnews24