ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুজাহিদ দাবি করেছেন, দেশে কোনো স্বাধীনতাবিরোধী শক্তি নেই; যুদ্ধাপরাধীও নেই। কোনো কোনো দল এসব নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলার কারণেই ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কমিশন কার্যালয়ে সংলাপ শেষে বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ কথা বলেন। (আরও তথ্যসহ)
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক সংলাপে এর আগে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু) এবং জাসদ (রব) জামায়াতসহ স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানায়। তারা আদালতের প্রতীক বলে জামায়াতের নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লারও' বিরোধিতা করে।
এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার আলী আহসান মুজাহিদ সাংবাদিকদের আরও বলেন, "বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। পাকিস্তানি সেনাবাহিনীর ১৯১ জনকে যুদ্ধাপরাধী চিহ্নিত করা হয়েছিলো, যাদের আওয়ামী লীগ সরকার অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তিও নেই। কোনো কোনো দায়িত্বশীল দল এ সব দায়িত্বজ্ঞানহীন কথা বলার কারণেই ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হয়েছে।"
১৯৭১ সালে জামায়াতের ভূমিকা কী ছিলো- এ প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে জামায়াত নেতা সাংবাদিকদের বলেন, " সেটা আপনারা খোঁজ করে দেখুন, মূল্যায়ন করুন।"
এর আগে কমিশনের সঙ্গে সংলাপে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নের ব্যাপারে সংশয় প্রকাশ করা হয়। সংলাপ অনুষ্ঠানে মুজাহিদ বলেন, "নির্বাচন কমিশন যে গতিতে কাজ চালাচ্ছে তাতে রোডম্যাপ বাস্তবায়নে সংশয় রয়েছে।"
তিনি তার প্রস্তাবে আগামী জুন মাসের মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শেষ করা, তালিকা তৈরির কাজে সেনা, শিক্ষক, মসজিদের ইমাম ও আলেম সমাজের সম্পৃক্ততা আরও বাড়ানো, রাজনৈতিক অঙ্গনের শঙ্কা দূর করা, গণমাধ্যমকে প্রচারণার কাজে লাগানোসহ বেশকিছু প্রস্তাব তুলে ধরেন।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার প্রস্তাবে আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে কমিশনের উচিত হবে এবার উদারনীতি গ্রহণ করা। যারাই নির্বাচনে অংশ নিতে চাইবেন তাদেরকে এবারের মত নিবন্ধনের সুযোগ দেয়া উচিত। রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার আনতে তাদেরকে সময় দিতে হবে।
রাজনৈতিক দলগুলোর এতদিনের ব্যবহার করা প্রতীক এবারও বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন তিনি।
সংলাপে জামায়াত এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন সাইদী, মুহাম্মাদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজাহারুল ইসলাম, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রমুখ।
অপরদিকে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনসহ নির্বাচন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৪৪৫ ঘ.
bdnews24