ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃহস্পতিবার সকালে বাসচাপায় মারা যায় এক শিশু। অন্যদিকে, সিরাজগঞ্জে যমুনা নদীর পশ্চিম প্রান্তে বুধবার রাতে বাস দুর্ঘটনায় এক আনসার সদস্য ও এক পথচারী নিহত হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার লৌহজং উপজেলার উত্তর মেদেনীমণ্ডল গ্রামে ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে খুলনাগামী বনফুল পরিবহনের একটি বাসের চাপায় নিরব (৭) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ ঘটনা কেন্দ্র করে মহাসড়কটিতে ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
লৌহজং থানার উপ পরিদর্শক মো. জাফর মিয়া জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিরব উত্তর মেদেনীমণ্ডল গ্রামের দর্জি মোশারফ হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রংপুর থেকে ঢাকাগামী উত্তরণ পরিবহনের একটি বাস বুধবার রাত ৮টার দিকে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়কের পাশে উল্টে যায়। রাস্তা পার হতে যাওয়া আব্দুর রশীদ (৩২) নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় পথচারী আব্দুর রশীদসহ বাস যাত্রী আনসার সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান। মোহাম্মদ আলীর বাড়ি রংপুরের ঘাটঘোটিয়া গ্রামে, অন্যদিকে আব্দুর রশীদের বাড়ি কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে।
দুর্ঘটনায় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছে। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা সেতু (পশ্চিম) থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. রওশন মোস্তফা দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২৪৯ ঘ.
bdnews24