ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-আয়কর ফাঁকির অভিযোগে এনবিআর এর দায়ের করা দুটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও তার স্ত্রী নাসিমা হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম অভিযোগ গঠন করেন। আগামী ২৮ অক্টোবর ওই দুইটি মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে।
জিয়া দম্পতি পলাতক রয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার ফারজানা সুলতানা ও পংকজ লাল সরকার বাদী হয়ে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির অভিযোগে জিয়া দম্পতির বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করেন।
জিয়াউল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন কর বর্ষে তিনি ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পত্তি গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
নাসিমা হকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, আসামি কয়েকটি কর বর্ষে ১ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার টাকার সম্পত্তি গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমএ/১৬৩৫ঘ.
bdnews24