২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৬ যুবক ৩ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশান ও বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ 'ইয়াবা' ট্যাবলেট ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যসহ গ্রেপ্তার হওয়া ছয় যুবকের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 03:55 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান ও বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ 'ইয়াবা' ট্যাবলেট ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যসহ গ্রেপ্তার হওয়া ছয় যুবকের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার মহানগর হাকিম মো. মিজানুর রহমান আসামীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় দাই খান বীর ওরফে চিকু, মুশফিকুর রহমান ওরফে তমাল, শেখ আহেদ শফিক, সালমান রনি জোয়ার্দ্দার, আলতাফ আকমল কল্লোল এবং মাহমুদ আল জুবেরী ওরফে শ্যাননকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা নেশাদ্রব্য 'ইয়াবা' চোরাচালানচক্রের সদস্য এবং তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। ১৮ অক্টোবর গ্রেপ্তারের পরদিন তাদের আদালতে হাজির করা হয়। তাদের রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন আদালত। গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে দুটি বিলাসবহুল ( বিএমডব্লিউ ও পোরশে) গাড়িও উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুর রশীদ সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা হয়ে যাওয়ায় আজ (সোমবার) আসামীদের কারাগার থেকে রিমান্ডে আনা সম্ভব হয়নি। আগামীকাল (মঙ্গলবার) সকালে তাদের পুলিশ হেফাজতে আনা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিএইচ/এসকে/২১৪৯ঘ.