ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মার্কিন বাজারে অনুন্নত (এলডিসি) দেশগুলোর উৎপাদিত পণ্যের শুল্কমুক্ত সুবিধা বিষয়ক একটি প্রস্তাবিত আইন পাস করায় লবিং করতে সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে বিজিএমইএ'র প্রতিনিধিদল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছে।
রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য জিম ম্যাকডার্মট ডেমোক্রেট ও তার দলের ৮ সদস্য নিয়ে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে "উন্নয়নের জন্য নতুন অংশীদারিত্ব আইন ২০০৭" নামের বিলটি উত্থাপন করেন।
এর আগে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বাজারে ১৩টি অনুন্নত দেশের উৎপাদিত পণ্য শুল্কমুক্ত সুবিধায় প্রবেশের জন্য বিষয়ক একটি বিল উত্থাপিত হয়। তবে বাংলাদেশের মতো কয়েকটি অনুন্নত দেশের জোরালো লবিং সত্ত্বেও বিলটি পাস হয়নি।
বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার উল আলম পারভেজ বলেন, বিলটি তাড়াতাড়ি পাশের জন্য আমরা যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব। এ ব্যাপারে ওয়াশিংটনের একটি লবিস্ট ফার্ম আমাদের সহায়তা করবে।
তিনি জানান, মার্কিন বাজারে এলডিসি'র পণ্য প্রবেশের পক্ষে যুক্তি তুলে ধরতে সেদেশে কিছু সেমিনারেরও আয়োজন করা হবে।
পারভেজ বলেন, প্রস্তাবিত বিলে এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও কম্বোডিয়াকে ভিন্নভাবে বিবেচনা করার কথা বলা হয়েছে।
পারভেজ বলেন, আমাদেরকে যেন ভিন্নভাবে দেখা না হয় সেজন্য আমরা লবিং করব। আমরা চাই এলডিসি'র অন্যান্য দেশকে যে সুবিধা দেওয়া হচ্ছে বাংলাদেশকেও একই ধরণের সুবিধা দেওয়া হোক।
এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, নতুন বিলটি ২০০৫ সালের বিলটির তুলনায় ভাল। এবারের বিলটিতে ভ্যালু অ্যাডিশনের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশি।
নতুন বিলে অনুন্নত দেশের অবকাঠামো উন্নয়নের জন্য ৫ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনেরও প্রস্তাব করা হয়েছে বলে বিজিএমইএ সভাপতি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/এসকে/২০০৫ঘ.
bdnews24