রাজশাহী, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় আরো তিন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত।
সোমবার রাজশাহীর মহানগর দ্রুতবিচার আদালতে সাক্ষ্য দেন উপাচার্য ভবনের প্রহরী আরমান আলী, ইসলাম আলী ও ডিজিএআইয়ের গাড়িচালক মো. জাহাঙ্গীর।
সাক্ষ্য দেয়ার পর আসামি পক্ষের আইনজীবীরা তিন সাক্ষীকে জেরা করেন।
এ সময় মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল, একই বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম এবং সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক মো. আতাউর রহমান আতাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি ১০ আসামি পলাতক রয়েছে।
তাদের সাক্ষ্য গ্রহণের পর বিচারক এস এম ফজলুল করিম চৌধুরী আগামী বুধবার মামলার পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে মামলার বাদি ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলী, কর্পোরাল মাসুদ রানা, কর্পোরাল এনামুল হক ও ডিজিএফআইয়ের সিকিউরিটি সাব ইন্সপেক্টর জাফর ইকবাল, উপাচার্য ভবনের প্রহরী আবু বকর ও মীর রইচ আলীর সাক্ষ্য নেয় আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। ওই ঘটনায় দায়ের করা দুই মামলার অভিযোগপত্রে আট শিক্ষকসহ ২০ জনকে আসামি করা হয়।
গাড়ি পোড়ানোর মামলার এজাহারে বলা হয়, গত ২২ আগস্ট ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের উল্লিখিত দুই শিক্ষক বিক্ষোভকারীদের মোবাইল ফোনের মাধ্যমে বাদির গাড়ির অবস্থান জানিয়ে তার ওপর হামলা করার নির্দেশ দেন। তখন বিক্ষোভকারীরা শওকত আলী ও তার সঙ্গীদের মারধর করে ডিজিএফআইয়ের গাড়িটি পুড়িয়ে দেয়।
এ মামলায় দুই শিক্ষকসহ ১৪ জনকে আসামি করা হয়।
গত ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে অধ্যাপক সারোয়ার জাহান সজল ও সাব্বির সাত্তার তাপুকে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.
bdnews24