ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ভেজাল বিরোধী অভিযানখ্যাত ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলার বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত বক্তব্যে সরকারি চাকরির আচরণ বিধিমালা লংঘিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আবু মো. মনিরুজ্জামান খান।
সোমবার বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে আবু মো. মনিরুজ্জামান খান টেলিফোনে এ মন্তব্য করে বলেন, "ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলা একেবারেই নিজ দায়িত্বে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের সঙ্গে এসোসিয়েশনের কোন ধরনের সম্পর্ক নেই। তার বক্তব্যের দায় এসোসিয়েশন নেবে না।"
তিনি অভিযোগ করে বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ বাস্তবায়নের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কিভাবে সহযোগিতা করবো তা তুলে ধরতেই মূলত আমরা সেমিনারের আয়োজন করেছিলাম। কিন্তু রোকন উদ দৌলার মনগড়া বক্তব্যে সেমিনারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমি তাকে কয়েকবার নিবৃত করার চেষ্টা করিছি। এতে তিনি কোন কর্ণপাত করেননি। আমার মনে হয়েছিল তখন তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না।তাকে রীতিমত উন্মাদ মনে হচ্ছিল আমার কাছে।"
ইনস্টিটিউট অফ এডমিনিষ্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের সভাপতি ও বিপিএটিসি'র রেক্টর আবু মো. মনিরুজ্জামান খান নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার ব্যাপারে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে প্রযোজনীয় সকল সহযোগিতা দেওয়ার কথাও জানান।
রোববার বিয়াম ফাউন্ডেশন আয়োজিত 'সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মনিরুজ্জামান খান।
সেমিনারে রোকন উদ দৌলা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা দূর করতে আগামী ২০২১ সাল পর্যন্ত বিচার বিভাগ পৃথক করার কাজ স্থগিত করার দাবী জানান।
"নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আহ্বান মেনে নেয়া না হলে নির্বাহী বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন রোকন উদ-দৌলা।
তিনি বলেন, "নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য এখানে এসেছি। অধিকার আদায় না হলে জেলে কিংবা ফাঁসির মঞ্চে যেতেও আমার আপত্তি নেই।" তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেটদের মান মর্যাদার জন্যই এই প্রশাসনে এসেছি। মান মর্যাদা না থাকলে সেই প্রশাসনে থাকার কোন প্রয়োজন নেই।
বিচার বিভাগ পৃথক হলে দেশের মানুষের বিন্দুমাত্র লাভ হবেনা মন্তব্য করে রোকন-উদ দৌলা বলেন, রাতারাতি ক্যু করে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটদের চেম্বার এবং ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।
দুর্নীতি সকল স্তরেই আছে অভিযোগ করে তিনি বলেন, সচিব বা প্রশাসনিক বিভাগের কেউ দুর্নীতি করলে তা ফলাও করে প্রচার করা হয়। বিচার বিভাগের দুর্নীতির কথা বলা হলেই আদালত অবমাননার প্রশ্ন আসে। প্রশাসনের এই ধরনের বৈষম্য মেনে নেওয়া যায়না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/আরএ/এমএ/১৩২১ঘ.
bdnews24