সত্রং চাকমা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শীত আসি আসি করছে; শুরু হয়েছে পর্যটনের মৌসুম। এর সঙ্গে ঈদ ও দুর্গা পূজার লম্বা ছূটি। সব মিলিয়ে রাঙামাটিতে পর্যটকদের স্রোত নেমেছে।
প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন কয়েক হাজার পর্যটক ছূটে আসছেন পর্যটন নগরী রাঙামাটিতে। রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে গত বছরের চেয়ে এবার পর্যটকদের সংখ্যাও বেড়েছে।
ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, বেসরকারি পর্যটন এলাকা পেদা টিং টিং, চাকমা রাজার বাড়ি, উপজাতীয় জাদুঘর, রাজবন বিহার, শুভলং এর প্রাকৃতিক ঝর্ণাসহ বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
ঈদের পর দিন থেকে কয়েক দিন বৃষ্টিপাতের কারণে অনেক পর্যটক আসতে পারেননি। তবে শুক্রবার থেকে পর্যটকদের সংখ্যা বাড়তে থাকে বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। সরেজমিনে স্থানগুলোতে গিয়েও ভিড় দেখা গেছে।
তবে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যাওয়ায় কিছুটা বঞ্চিত মনে করছেন পর্যটকরা।
রাঙামাটি শহরে একটি সরকারি রেস্ট হাউজসহ বেসরকারি রেস্ট হাউজ ও হোটেলগুলোতে এখন কক্ষ খালি নেই।
বেসরকারি হোটেল গ্রীন ক্যাসেলের কর্মকর্তা চন্দ দাস জানান, এবারে ঈদ ও পূজার ছূটি এক সঙ্গে থাকায় পর্যটকদের চাপটা বেশি রয়েছে। তাই হোটেলগুলো পূর্ণ।
সরকারি পর্যটন মোটেলের ব্যবস্থাপক জাকির হোসেন সিকদার জানান, বর্তমানে দেশের পরিস্থিতি ভালো থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা সুন্দর হওয়ার কারণে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত বাসস্থান না থাকায় চাহিদা অনুযায়ী কক্ষের দাবি মেটানো যাচ্ছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭১৩ ঘ.
bdnews24