২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা ও চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ধরা ইলিশ আটক

ভোলা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে শুক্রবার গভীর রাত ও শনিবার সকালে তিন টন তিনশ কেজি ইলিশ মাছ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে শুক্রবার গভীর রাত ও শনিবার সকালে তিন টন তিনশ কেজি ইলিশ মাছ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের ভোলা প্রতিনিধি জানিয়েছেন, জেলার দৌলতখান থেকে দুটি ট্রাকে করে বরিশালের বাজারে নেওয়ার পথে শনিবার সকালে ভোলা বাসটার্মিনালে তিনটন ডিমওয়ালা ইলিশ মাছ জব্দ করেছে নৌ-বাহিনীর সদস্যরা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। আটক ইলিশ মাছ পরে ভোলার নৌ-কন্টিনজেন্ট কর্মকর্তা, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে প্রকাশ্য নিলামে ৪ লাখ ৭১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত এক সপ্তাহে মেঘনায় অবৈধভাবে মাছ ধরার সময় ২০ লাখ টাকার জাল, ৬টি মাছ ধরার ট্রলার ও একটি ট্রলি আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে শুক্রবার গভীর রাতে তিনশ কেজি ইলিশ মাছ আটক করেছে বিডিআর। এ ঘটনায়ও কেউ গ্রেপ্তার হয়নি। বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতার হোসেন জানান, ভারতে পাচার করার উদ্দেশ্যে শুক্রবার রাতে খুলনা থেকে ট্রেনে করে আনা প্রায় তিনশ কেজি ইলিশ মাছ চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আটক করা হয়। আটকের সময় মাছের দাবিদার কাউকে পাওয়া যায়নি। কর্নেল আখতার হোসেন জানান, আটক করা ইলিশ মাছ কাস্টমসের মাধ্যমে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/২১১৮ঘ.