২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

মৌলভীবাজারে মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। ফরিদপুরে মাইক্রোবাস চাপায় মারা গেছেন জাসদের স্থানীয় এক নেতা। এদিকে বরিশালে পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। ফরিদপুরে মাইক্রোবাস চাপায় মারা গেছেন জাসদের স্থানীয় এক নেতা। এদিকে বরিশালে পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার বিসিক শিল্প নগরী এলাকায় শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে একটি মিনিবাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ অজ্ঞাতনামা চার জন নিহত হয়। আহত হয় ২০ জন। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আশরাফুল আজিম জানান, মৌলভীবাজারগামী মিনিবাসের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের সংঘর্ষের পর মিনিবাসটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। অন্যদিকে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের চার যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কানাইপুর এলাকার মধুমালা সিনেমা হলের সামনে শনিবার সকালে মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন জাসদের ফরিদপুর জেলা কমিটির সদস্য শওকত কবীর ফিরোজ (৪৮)। তার বাড়ি কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাসদ নেতা শওকত রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বরিশাল প্রতিনিধি জানান, হিজলা উপজেলার খুন্না বন্দরে শনিবার দুটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হন। প্রত্যক্ষদর্শী নুরুল আলম রাজু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর পৌনে ১টার দিকে মুলাদী থেকে হিজলাগামী একটি টেম্পু হিজলার খুন্না বন্দরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হানিফ খাঁ (৩০), সামসু মোল্লা (৫৫), মিজানুর রহমান (২৫) ও হান্নান হাওলাদার (২১) গুরুতর আহত হয়। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ওই দিন দুপুরেই মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে টেম্পু-সাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্যে এক টেম্পু যাত্রী ও দুই সাইকেল আরোহী আহত হন। আহত টেম্পুযাত্রী স্থানীয় সাংবাদিক আল আমীন টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাদপুর থেকে পাতারহাট যাওয়ার পথে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা এবং সাইকেলকে ধাক্কা দেয়।" দুর্ঘটনায় আল আমিনসহ সাইকেল আরোহী রিয়াজ (১০) ও জাহের (১৫) আহত হন। তাদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান এবং মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএআর/এমআই/১৭৩৭ ঘ.