গোপালগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় দুই ছেলে চিকিৎসক ও সেনা কর্মকর্তাসহ তাদের মা নিহত হয়েছেন। শুক্রবার খুলনা থেকে ঢাকা আসার পথে কাশিয়ানী উপজেলার মাজড়ায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংষর্ঘে তাদের প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে তারা মারা যান।
নিহতরা হলেন, লতিফা রহমান (৫৫) ও তার দুই ছেলে চিকিৎসক মিশু রহমান (৩২) ও সেনাবাহিনীর গোলন্দাজ বিভাগের কর্মকর্তা জিতু রহমান (২৮)।
লতিফা রহমান খুলনার চিকিৎসক আব্দুর রহিমের স্ত্রী। মিশু ঢাকা মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতেন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক শাহীনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মিশু রহমান ও জিতু রহমান ঈদের ছুটি শেষে শুক্রবার বিকালে খুলনা থেকে প্রাইভেট কারে ঢাকা যাচ্ছিলেন। সঙ্গে তাদের মা লতিফা রহমান ছিলেন।
তিনি জানান, কাশিয়ানী উপজেলার মাজড়ায় পৌঁছালে প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মা ও দু ছেলে মারা যান।
প্রাইভেট কার চালক মাসুদসহ আহত চারজনকে ফরিদপুর ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, টঙ্গীতে বল কুড়ানোর জন্য রাস্তা পার হতে গিয়ে টেম্পোর ধাক্কায় মারা গেছেন রিয়াজ। সে মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
টঙ্গী থানার উপ-পরিদর্শক নাসিমা বেগম জানান, টঙ্গীর কালীগঞ্জ সড়কের মরকুনে শুক্রবার সকাল ১০টার দিকে বল কুড়ানোর জন্য রাস্তা পার হতে গেলে রিয়াজ টেম্পোর ধাক্কায় মারা যায়।
তিনি জানান, পুলিশ টেম্পোটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পলাতক।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24