রাঙামাটি, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের রিজার্ভ বাজারের আইস ভবন পূজামণ্ডপে দুর্গা প্রতিমার সোনার কানের দুল ও টিকলি চুরির অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাহাবুর রহমান(২০) ও হাফিজুল ইসলাম(২০)। দুজনের বাসা শহরের ভেদভেদী এলাকায় মুসলিম পাড়ায়।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আফরোজা বেগম জানান, মাহাবুব ও হাফিজুলকে বুধবার রাতে মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনে মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকালে পূজারী ও আয়োজকরা মণ্ডপে এসে দেখেন প্রতিমাকে পরিয়ে দেয়া আধা আনা ওজনের কানের দুটি দুল এবং চার আনা ওজনের টিকলিটি নেই। তখন তারা কর্তব্যরত দুই আনসারের দেহ তল্লাশি করে এবং গহনা দুটি পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।
পুলিশ কর্মকর্তা আফরোজা জানান, আনসার সদস্য মাহাবুব ও হাফিজুলের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবারই আদালতে চালান করা হয়। পরে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৭ ঘ.
bdnews24