খুলনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা এলাকার চিংড়ি শিল্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) 'ফুড অ্যান্ড ভেটেরিনারি' বিভাগের একটি প্রতিনিধি দল শুক্রবার খুলনা আসছে।
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সংস্থার সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকি জানান, এর আগে ২০০৫ সালের ৭ নভেম্বর ইইউ প্রতিনিধি দল সর্বশেষ চিংড়ি শিল্প পরিদর্শনে এসেছিল। ওই সময় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কীকরণ নোটিসসহ বেশ কিছু দিক-নির্দেশনা ও সুপারিশ দিয়ে যায় তারা।
চিংড়ি শিল্পে প্রায়ই শ্রম আইন লঙ্ঘন করা হয় বলে অভিযোগ রয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চিংড়ি শ্রমিকরা গত বছর ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আদালতে ২০টি মামলা করে। ইইউ প্রতিনিধি দলের সফরে এ বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রপ্তানিকারক জানান।
চিংড়ি রপ্তানিকারকরা জানায়, প্রতিনিধি দলটি এ সফরে চিংড়িতে 'নাইট্রোফুরান' ব্যাকটেরিয়া উপস্থিতির কারণ, কারখানাগুলোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, সরকারের নেওয়া মৎস্য বিধিমালা ও ইইউ প্রবর্তিত নীতিমালা মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা বৃহত্তর খুলনাসহ চট্রগ্রাম ও কক্সবাজারে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা, চিংড়ি ঘের, হ্যাচারী, মৎস অবতরণ কেন্দ্র, চিংড়ি ডিপো ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯৩২ ঘ.
bdnews24