সাভার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামসুল ইসলামের (শামসু মেম্বার) বাড়ি থেকে হেরোইন ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমিনবাজারের বরদেশী এলাকায় শামসু মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শহীদুল্লাহ।
তবে শামসু মেম্বারকে আটক করা যায়নি। অভিযান টের পেয়ে তিনি পালিয়ে যান।
মো. শহীদুল্লাহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে শামসু মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ছয় পুরিয়া হেরোইন ও তিন বোতল বিয়ার পাওয়া যায়।
এ ঘটনায় সাভার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৪ ঘ.
bdnews24