টাঙ্গাইল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহর বাইপাস সড়কে বৃহস্পতিবার সকালে একটি বাস উল্টে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১০ জন।
সকাল ৯টার দিকে নগর জলদৈ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসটি একটি সাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাসযাত্রী মামুন (১০)।"
মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাগেরভিটা গ্রামের ফজলু মিয়ার ছেলে। দুর্ঘটনায় ফজলু মিয়া(৪০) ও তার স্ত্রী হাজেরা বেগমও(৩০) আহত হন বলে ওসি আশরাফ জানান। তবে হাজেরার অবস্থা গুরুতর।
আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে; তারা হলেন, আব্দুল লতিফ(৩৫), রফিকুল ইসলাম(২৮), আব্দুল জব্বার(৩২) ও শাহজাহান(৩৫)।
দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসক আখতার আলী সরকার, পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনাস্থলে যান। সেনা সদস্য, পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।
বাসটির চালক পালিয়ে গেছেন বলে ওসি আশরাফ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১০ ঘ.
bdnews24