ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর জেলায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহা সড়কে কাশিয়ানী উপজেলার তিনছাড়ায় বিকালে মটর সাইকেল চাপা পড়ে সীমা খানম (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ফয়সাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনছাড়ায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মটর সাইকেল সীমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ মটর সাইকেলটি আটক করেছে। চালক পলাতক।
কুমিল্লা প্রতিনিধি জানান, বুড়িচং-সিলেট সড়কের হরিণধরায় বুধবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহত আলাউদ্দিন মুরাদনগরের বাসিন্দা। আহতদের কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সকাল ৭ টায় হরিণধরায় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী বৈশাখী ট্রান্সপোর্টের একটি বাসের সঙ্গে কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী ময়নামতি ট্রান্সপোর্টের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, পুলিশ বাস দুটি আটক করেছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার হাজীগঞ্জের তোড়াগড় এলাকায় দুপুরে একটি হিউম্যান হলারের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে সাকিল আহমেদ (৮)।
সাকিলের বাবা মো. মিলন জানান, হাজীগঞ্জের তোড়াগড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি হিউম্যান হলার সাকিলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/০০২২ ঘ.
bdnews24