বরিশাল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১২১ জন কর্মকর্তা-কর্মচারির নিয়োগ বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নির্দেশ দিয়ে বিসিসিকে একটি চিঠি দিয়েছে।
বুধবার বিসিসি'র নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয়ের চিঠি আজ (বুধবার) হাতে পেয়েছি।"
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. দোলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে মেহেদী হাসান আরও বলেন, "অবৈধভাবে নিয়োগ পাওয়া ১২১ জন কর্মকর্তা-কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতির চিঠি বৃহস্পতিবার থেকে দেওয়া হবে।"
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত এক সদস্যের তদন্ত কমিটির সুপারিশক্রমে ১২১ জনের নিয়োগ বাতিল করা হলো। এ কমিটির একমাত্র সদস্য বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কেবিএম ওমর ফারুক চৌধুরী।
এ বছরের ১৫ আগষ্ট বিভাগীয় কমিশনার মোহম্মদ হারুন চৌধুরীর কাছে দেওয়া তদন্ত প্রতিবেদনে কমিটি তিনটি পয়েন্টের ওপর ভিত্তি করে ওই কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ অবৈধ বলে উল্লেখ এবং নিয়োগ বাতিলের সুপারিশ করে।
প্রতিবেদনে বলা হয়, গত দু'বছর ধরে বিভিন্ন সময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবুর রহমান সরোয়ার নিজেই এ ১২১ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। মেয়র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা নিয়োগ বোর্ড গঠন না করেই এদের নিয়োগ দিয়েছেন। এছাড়া জনবল কাঠামো বাড়ানোর জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে করা বিসিসির আবেদন অর্থ মন্ত্রণালয় পাঠানো হলে সেটা অনুমোদন পায়নি। তারপরও যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিপরীতে কোনো শূন্য কিংবা সৃষ্ট কোটা ছিল না।
ওই সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কেবিএম ওমর ফারুক চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, গত দুবছরে নিয়োগপ্রাপ্ত ১২৪ জন কর্মকর্তা-কর্মচারির মধ্যে মাত্র দু'জন সহকারী প্রকৌশলী ও একজন স্থপতির নিয়োগ যথাযথভাবে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24