এস এম আব্বাস
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম রাজশাহী প্রতিনিধি
রাজশাহী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অসুরের অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে ১৪৮০ খৃষ্টাব্দের (৮৮৭ বঙ্গাব্দে) বাংলা আশ্বিন মাসে দুর্গাদেবীর পূজার আয়োজন করেছিলেন রাজশাহীর তাহেরপুরের রাজা কংস নারায়ণ রায় বাহাদুর। সেই থেকে এই উপমহাদেশে সার্বজনীন শারদীয় উৎসবের শুরু। আজকের বাঙালী হিন্দুদের প্রধান ধর্মীয় পার্বনের নাম শারদীয় দুর্গোাৎসব। অথচ তাহেরপুরের সেই ঐতিহাসিক পূজা মণ্ডপের কথা ক'জনইবা মনে রেখেছেন! মন্দিরের জমি বেদখল হয়ে গেছে। টাকার অভাবে সংস্কারও হচ্ছে না ঠিকমতো। স্থানীয়দের অভিমত, সরকারী পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই তীর্থস্থানের যথাযথ রক্ষণাবেক্ষণ করা গেলে এখানে একটি চমৎকার পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।
তাহেরপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা জানালেন, "রাষ্ট্রীয়ভাবে এই তীর্থস্থানটি রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। টাকার অভাবে শিব মন্দির আর রাজবাড়ীর গোবিন্দ মন্দিরের সংস্কারও করা যাচ্ছে না। রাজা কংস নারায়ণ যেখানে সার্বজনিন দুর্গা পূজার আয়োজন করেছিলেন সেই জায়গাটিও বেদখল হয়ে গেছে। এখন শিব মন্দিরের পাশে আরেকটি মন্দির করে সেখানে প্রতি বছর দুর্গোৎসব পালন করা হচ্ছে।"
আগে দুর্গা পূজাকে ঘিরে মেলা বসলেও জায়গা আর উদ্যোগের অভাবে এখন আর তেমনটা হয় না বলে জানান তিনি।
পূজা কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা বলেন, "সরকারী পৃষ্ঠপোষকতা পেলে আর বেদখল হওয়া সম্পত্তি দখলমুক্ত করে ইতিহাস খ্যাত এই তীর্থস্থানের যথাযথ রক্ষণাবেক্ষণ করা গেলে এখানে একটি চমৎকার পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।"
তিনি জানান, তাহেরপুর মন্দিরে প্রতি বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্গা পূজার আয়োজন করার জন্য কয়েক বছর আগে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে সরকারের কোনো সাড়া পাওয়া যায়নি।
পূজা কমিটির কর্মকর্তারা জানান, দুর্গাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আলো খন্দকার এর আগে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়ে মন্দিরের জমি অবৈধ দখলমুক্ত করার চেষ্টা করেন। তিনি যতোদিন বেঁচে ছিলেন, মন্দিরের সংস্কার ও উন্নয়ন কাজ আটকে থাকেনি। কিন্তু ২০০৩ সালে তার মৃত্যুর পর আর্থিক সঙ্কট প্রকট হয়ে ওঠে।
সব সমস্যার মাঝেও তাহেরপুর মন্দিরে সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন হয়েছে এবারো। তবে পূজা কমিটির পাশাপাশি স্থানীয়রাও মনে করেন, ঐতিহাসিক গুরুত্বের কারণেই এখানে প্রতিবছর সরকারীভাবে দুর্গা পূজা উদযাপন করা উচিৎ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/এমএ/২০৪১ ঘ.
bdnews24