রাজশাহী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্বদ্যালয়ে ছাত্র বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় বুধবার একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে আদালত। মহানগর দ্রুত বিচার আদালতের বিচারক জনেন্দ্রনাথ সরকার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক খাদেমুল ইসলামকে বৈরী ঘোষণা করেন।
আদালত একই সঙ্গে আগামী ২৩ অক্টোবর পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছে।
নির্ধারিত বিচারক এসএম ফজলুল করিম চৌধুরীর অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনা করেন জনেন্দ্রনাথ সরকার।
বেলা পৌনে ১২ টার দিকে আদালতে সহযোগী অধ্যাপক খাদেমুল ইসলামের সাক্ষ্য নেওয়া শুরু হয় এবং শেষ হয় বেলা ১ টায়। রাবি শিক্ষকদের পক্ষের আইনজীবী গোলাম আরিফ টিপু তাকে জেরা করেন।
খাদেমুল হক আদালতকে জানান, মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না। ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের তিনি চেনেন না। এ সময় আদালত উপপরিদর্শক শামসুল ইসলাম তার সাক্ষ্য দেওয়ার বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহাদত হোসেন বাচ্চু সাক্ষী খাদেমুল ইসলামকে বৈরী ঘোষণার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
সাক্ষ্য নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষক সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়।
এ মামলায় এ পর্যন্ত বাদীসহ ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের অভিযোগে রাবির সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুস সোবহানকে গত ২৩ আগস্ট গভীর রাতে ও পরদিন বিকেলে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় ভৌমিককে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যরা অভিযোগপত্র দেওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেন।
মতিহার থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে ছাত্র বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে ২৬ আগস্ট তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ১ সেপ্টেম্বর আরো তিন শিক্ষকসহ ছয় শিক্ষককের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
১৭ সেপ্টেম্বর শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ২৩ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়া শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24