ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের জন্য নতুন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
বুধবার সকালে নতুন নিয়োগ পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের দুই দিনের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটরা বিচার বিভাগে আসতে রাজি না হওয়ায় নতুন নিয়োগের সিদ্ধান্ত নিতে হচ্ছে।"
উপদেষ্টা বলেন, "বিচার বিভাগীয় কর্মকর্তারা সব দিক থেকে অবহেলিত ছিল। পদোন্নতি, বেতন-ভাতাসহ সব সুযোগ সুবিধার দিক দিয়েই বঞ্চিত হয়েছে তারা। তাদের কাছ থেকে ভালো কাজ আশা করলে তাদের জীবন যাত্রার মান বাড়ানোর উদ্যোগ নিতে হবে।"
তিনি আরো বলেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ১ নভেম্বর থেকে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা কাজ শুরু করবে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার বিষয়টি ছিল দীর্ঘদিনের দাবি। কিন্তু পরিবেশ না থাকায় বিষয়টির বাস্তবায়ন করা যায়নি। অনুকুল পরিবেশ পেয়ে বর্তমান সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কাজটি শেষ করেছে।"
এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিচার বিভাগের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ড্যানিডা যৌথভাবে এই ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/জিএনএ/১৫৩১ ঘ.
bdnews24