খুলনা অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনার দাকোপ উপজেলায় পশুর নদী থেকে মঙ্গলবার দুই শিশু ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিশু দুটি হলো বটিয়াঘাটা উপজেলার শিয়ালীডাঙ্গা গ্রামের বাসিন্দা সেনা সদস্য আমিনুর শেখের ছেলে তানজিল শেখ (১০) এবং আমিনুরের ভাই আমিনুল শেখের ছেলে জনি শেখ (১১)।
দাকোপ থানার কর্মকর্তা কামাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তানজিল শেখ ও জনি শেখসহ আরো কয়েকটি শিশু সোমবার দুপুরে শিয়ালী ডাঙ্গা খেয়া ঘাটে খেলা করছিল। এক পর্যায়ে তানজিল ও জনি নদীতে পড়ে স্রোতের টানে ভেসে যায়।
দুপুরে দাকোপ উপজেলার ঢাকি খেয়াঘাটে প্রথমে তানজিল ও পরে জনির লাশ উদ্ধার করে এলাকাবাসী। তারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।
একইদিন বেলা দেড়টার দিকে একই ঘাটে জেলেদের জালে আটকা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যাক্তির লাশ। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তানজিল হোসেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24