২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

রাজধানীতে সোমবার সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বিমানবন্দর সড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে তেজগাঁও কলেজের ছাত্র ফেরদৌস হোসেন চৌধুরী রবিন (২২) মারা যান। মিরপুর সড়কে গণভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত স্কুটারের ধাক্কায় মারা গেছেন বাংলা কলেজের ছাত্রী রেশমা আকতার (২১)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সোমবার সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বিমানবন্দর সড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে তেজগাঁও কলেজের ছাত্র ফেরদৌস হোসেন চৌধুরী রবিন (২২) মারা যান। মিরপুর সড়কে গণভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত স্কুটারের ধাক্কায় মারা গেছেন বাংলা কলেজের ছাত্রী রেশমা আকতার (২১)। ফেরদৌস হোসেন চৌধুরী রবিন তেজগাঁও কলেজে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মানের ছাত্র। তার বাবার নাম আলমগীর হোসেন চৌধুরী। বাসা ২৯/এ/বি, পল্লবী। অপরদিকে রেশমা আকতার ছিলেন বাংলা কলেজের বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাসাও পল্লবীতে। খিলক্ষেত থানার উপপুলিশ পরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি প্রাইভেট কারে রবিন ও তার ছোট ভাই রোমেল উত্তরা থেকে মহাখালীর দিকে আসছিলেন। বিমানবন্দর সড়কের লোটাস কামাল ভবনের সামনে দ্রুত গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। কারটি ট্রাকের পিছনের অংশে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালকের আসনের পাশে বসা রবিন মারা যায়। গুরুতর আহত অবস্থায় রুমেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহবুব আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রেশমা আকতার মিরপুর রোডের গণভবনের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত একটি স্কুটার তাকে ধাক্কা দেয়। আহত আবস্থায় রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬ টায় তার মৃত্যু হয় বলে মাহবুব আহমেদ জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/২২১৭ ঘ.