২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআইপি বন্দিদের 'বিশেষ' ঈদ

রাজধানীর সংসদ ভবন সংলগ্ন বিশেষ কারাগারে দুই সাবেক প্রধানমন্ত্রীসহ ঢাকা ও দেশের অন্য কারাগারে বন্দি সাবেক মন্ত্রী, সাংসদ, সচিবরা নিরানান্দ ঈদ উদযাপন করছেন। ঈদের জামাতও তারা পড়েছেন কারাগারের মধ্যে বিশেষ ব্যবস্থায়। কারাগারগুলোতে ভিআইপিসহ সাধারণ কয়েদিদের জন্য 'ঈদের বিশেষ খাবার' সরবারহ করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের বাইরে অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রাজধানী ল্যাব এইড হাসপাতালের কেবিনে এবং আরও ১৪ জন ভিআইপি বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলসহ বিভিন্ন হাসপাতালে ঈদ পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 09:15 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম)- রাজধানীর সংসদ ভবন সংলগ্ন বিশেষ কারাগারে দুই সাবেক প্রধানমন্ত্রীসহ ঢাকা ও দেশের অন্য কারাগারে বন্দি সাবেক মন্ত্রী, সাংসদ, সচিবরা নিরানান্দ ঈদ উদযাপন করছেন। ঈদের জামাতও তারা পড়েছেন কারাগারের মধ্যে বিশেষ ব্যবস্থায়। কারাগারগুলোতে ভিআইপিসহ সাধারণ কয়েদিদের জন্য 'ঈদের বিশেষ খাবার' সরবারহ করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের বাইরে অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রাজধানী ল্যাব এইড হাসপাতালের কেবিনে এবং আরও ১৪ জন ভিআইপি বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলসহ বিভিন্ন হাসপাতালে ঈদ পালন করছেন। রোববার সকাল পৌনে ৮টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যুমনা ও মেঘনা সেলের মাঝখানের খোলা জায়গায় সাধারণ কয়েদিদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কারবন্দি মোহাম্মদ অলিউল্লাহ। কারা মহা পুলিশ পরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল জাকির হাসানসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকতারা সাধারণ কয়েদিদের সঙ্গে নামাজ আদায় ও তাদের সঙ্গে কোলাকুলি করেন। এর পরে ভিআইপি বন্দিদের জন্য কর্ণফুলি সেলের কাছে আরেকটি জামাত হয় সকাল পৌনে ৯টায়। এই জামাতের ইমামতি করেন হাফেজ আবুল কাশেম। জামাতে তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ প্রায় ৫০ জন ভিআইপি বন্দি ঈদের নামাজ আদায় করেন। পরে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল জাকির হাসান সাংবাদিকদের বলেন, ''কারা সংস্কারের অংশ হিসেবে এবার দেশের কারাগারগুলোতে ভিন্নভাবে ঈদ উদযাপন হচ্ছে। কারাবন্দিদের নতুন পোশাক দেওয়া হয়েছে। সব বন্দির জন্য বিশেষ খাবার সরবারহ করা হচ্ছে। বিশেষ খাবারের বাইরে কারাগারের ক্যান্টিন থেকে ভিআইপি বন্দিরা টাকা দিয়ে ইচ্ছা করলে খাবার কিনে খেতে পারবেন। আত্মীয় স্বজনের পাঠানো খাবার পরীক্ষা করে কারা কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দেবে।" এর আগে উপ কারা মহা পরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো ভিআইপি ও ফাঁিসর আসামীদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। কয়েদিদের মধ্যে থেকেই দুজন জামাতে ইমামতি করবেন। এ জন্য মোট পাঁচ জনকে মনোনীত করা হয়েছে। কারাগারে ভেতরে ঈদ জামাতে জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জামাতের সময়ে কারা সদস্যদের একটি অংশ নিরাপত্তায় থাকবে, অন্য অংশটি নামাজ পড়বে বন্দিদের সঙ্গে। তিনি বলেন, "ঈদের দিন অন্য সব বন্দিদের মতো ভিআইপি বন্দিদের সকালে সেমাই মুড়ি, দুপুরে আলুরদম সঙ্গে রুই অথবা ইলিশ মাছ এবং রাতে পোলাও ও গরু অথবা খাসির মাংস দেওয়া হবে। ভিআইপিদের মধ্যে যারা মুরগির মাংস খেতে চান তাদের জন্যও বিশেষ ব্যবস্থা আছে।" কেন্দ্রীয় কারাগারের বাইরে অসুস্থতার কারণে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে সাবেক পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করীম সেলিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী, সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা, সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান এবং ক্রিকেট কনট্রোল বোর্ডে সাবেক সভাপতি সাংসদ আলী আজগর লবীর স্ত্রী খুশনুত লবী ঈদ পালন করছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্যবসায়ী আবুল খায়ের লিটু, বারডেম হাসপাতালে ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল (দৈনিক যুগান্তরের মালিক), আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদার ও বিএনপি দলীয় সাবেক সাংসদ এ এইচ এম সেলিম। রাজধানীর হাসপাতালসহ কেন্দ্রীয় কারাগারে মোট ভিআইপি বন্দির সংখ্যা এখন ৪৭ জন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ভিআইপি বন্দিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক বানিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক পূর্তমন্ত্রী মীর্জা আব্বাস, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বরিশালের মেয়র মজিবর রহমান সারওয়ার, বিএনপি দলীয় সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, নাসির উদ্দিন পিন্টু, ফজলুল হক মিলন ও হাফিজ ইব্রাহীম। ঢাকার অদূরে কাশিম পুর কারাগারে আছেন, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পরিকল্পনামন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিএনপি দলীয় সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, এম এ হাশেম, আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সালমান এফ রহমান। এছাড়া, সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হুসেনসহ কয়েকজন সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক হারুন-অর-রশীদ, ড. আনোয়ার হোসেন ও অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক ঢাকা কেন্দ্রীয় কারাগারেই বন্দি আছেন। চট্টগ্রাম কারাগারে আছেন, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলালঊদ্দিন, বিএনপি দলীয় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম ওয়াসার বরখাস্ত হওয়া প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম। চট্টগ্রাম কারাগারের জেলার মোহাম্মদ ইকবাল হোসেন শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ সবার জন্যই সমান, ভিআইপি বা সাধারণ বন্দিদের জন্য ঈদের দিন সমমানের বিশেষ খাবার পরিবেশন করা হবে। তিনি জানান, ঈদের দিন সকালে সব বন্দিদের উন্নতমানের সেমাই ও মুড়ি, দুপুরবেলা ভাত, সবজি, মাছ ও ডিম এবং রাতে পোলাও, মাংস, মিষ্টি ও সালাদ দেওয়া হবে। এছাড়া, ঈদের দিন বন্দিদের স্বজনদের সাথে দেখা করা এবং বাসা থেকে আনা খাবারের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে বলে জেলার ইকবাল হোসেন জানিয়েছেন। রাজশাহী কারাগারে আছেন, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনু । রাজশাহী কারা উপ মহা পরিদর্শক মেজর হাফিজুর রহমান মোল্লা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শনিবার জানান, এবারের ঈদে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা নয় ভিআইপিসহ সব বন্দিই বিশেষ সুবিধা পাবেন। উন্নত খাবার পরিবেশন করা হবে তাদের। ভিআইপি বন্দিদের স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটনের স্ত্রী রাবি ফেকলোর বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শনিবার রাতে জানান, ঈদের দিন স্বামীর জন্য বাড়ি থেকে তিনি খাবার নিয়ে যাবেন। মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা শাহাদত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসা থেকে রান্নকরা খাবার নিয়ে স্বামীর সঙ্গে দেখা করব। এবারের ঈদে আমাদের বাসায় কোনো আনন্দ নেই। শুধু নিয়ম মেনেই ঈদ পালন হবে।'' সিলেট কারাগারে বিএনপি দলীয় সাংসদ ওয়াদুদ ভূঁইয়া ও কুমিল্লা কারাগারে সিলেটের মেয়র বদরুদ্দিন কামরান ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমান বন্দি রয়েছেন। ঢাকার উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার জানান, এই বন্দিদের মধ্যে যারা ডিটেনশনে আছেন তাদের সঙ্গে ঈদের দিন দেখা করার ক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা থাকবে না। তবে পুলিশের বিশেষ শাখার (এসবি) অনুমতি নিয়ে এক দিনে সর্বোচ্চ পাঁচজন দেখা করতে পারবেন। আর যাদের আটকাদেশ (ডিটেনশন) নেই তাদের সঙ্গে দেখা করায় কোনো বাধা নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএম/এসএনডি/১৪৫৯ ঘ.