ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
রাষ্ট্রপতি বঙ্গভবনে রোববার সকাল সাড়ে নয়টায় প্রথমে কুটনীতিকদের সঙ্গে এরপর সকাল ১০টা থেকে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী আনোয়ারা বেগম।
প্রধান উপদেষ্টা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমে তিনি কুটনীতিক ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এরপর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও দেশের শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংসঠনের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
বঙ্গভবন ও প্রধান উপদেষ্টা ভবনে আমন্ত্রিত অতিথিদেরকে সেমাই, জর্দ্দাসহ বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/১২২০ ঘ.
bdnews24