২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক মারা গেছেন

প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ওবায়দুল হক আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার বিকেল পৌনে পাঁচটায় বনানীর বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৬ বছর। শনিবার বাদ এশা বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ওবায়দুল হক ১৯৫১ সালে ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারের সহকারী সম্পাদক পদে যোগ দেন। ১৯৭৯ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ ১৩ বছর তিনি এ দায়িত্ব পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ওবায়দুল হক আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার বিকেল পৌনে পাঁচটায় বনানীর বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৬ বছর। শনিবার বাদ এশা বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ওবায়দুল হক ১৯৫১ সালে ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারের সহকারী সম্পাদক পদে যোগ দেন। ১৯৭৯ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ ১৩ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট গঠন কমিটির আহবায়ক, পরবর্তী সময়ে চেয়ারম্যান হন। তিনি অধুনালুপ্ত দৈনিক বাংলা ও টাইমস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। ওবায়দুল হক ১৯১১ সালের ৩১ অক্টোবর ফেনী শহরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক পান। এ ছাড়া বাংলা একাডেমী ও ইউনিসেফ স্বর্ণপদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক পেয়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৩ এর দুর্ভিক্ষের ওপর ওবায়দুল হক নির্মাণ করেন বাংলা চলচ্চিত্র 'দুঃখে যাদের জীবন গড়া'। চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসিত হলেও পরে তিনি আর কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ওবায়দুল হক চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে মাশুকুল হক বাংলাদেশ অবজারভারের ম্যাগাজিন সম্পাদক হিসেবে কর্মরত। তার মৃত্যুতে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, "বর্ষীয়ান সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।" প্রধান উপদেষ্টা তার শোক বার্তায় বলেন, "ওবায়দুল হক ছিলেন দেশের সাংবাদিকতার জগতে একজন পথিকৃৎ। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।" তথ্য উপদেষ্টা তার শোক বার্তায় বলেন, "প্রবীণ সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিককে হারালো এবং সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএম/এমএসবি/০০২৮ ঘ.