নীলফামারী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর ডিমলা উপজেলা থেকে শনিবার ভোররাতে তিন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলো, ডিমলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের তিন সহোদর জামিনুর রহমান (৩১), মোমিনুর রহমান (২৮) ও আমিনুর রহমান (২৫)।
পুলিশ জানায়, এরা কষ্টি পাথরের মুর্তি, ব্রিটিশ আমলের হনুমান প্রতীকের পয়সা ও জাল টাকার ব্যবসায়ী চক্রের হোতা। দীর্ঘদিন ধরে তারা ওই ব্যবসার নামে ডিমলাসহ আশপাশের এলাকার মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
গত শুক্রবার ওই তিন প্রতারক কষ্টি পাথরের মুর্তি ও ব্রিটিশ আমলের হনুমান প্রতীকের পয়সা দেওয়ার কথা বলে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সাকিল আহমেদ (৩০) ও মোহাম্মদ আলী জিন্নাহকে (৩৭) ডেকে ডিমলায় নিয়ে আসে। শুক্রবার রাতে তাদের এক বাড়িতে আশ্রয় দিয়ে তিন প্রতারক র্যাব সদস্যের পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখায়। এক পর্যায়ে তাদের কাছে থাকা একলাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, প্রতারণার অভিযোগে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫০০ ঘ.
bdnews24