২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার দুপুরে কাজে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

বরিশাল, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার দুপুরে কাজে যোগ দিয়েছেন। রোগীর অভিভাবকদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষানবিস চিকিৎসকরা বুধবার রাত ১০টা থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেন। শিক্ষানবিস চিকিৎসক আহসান কবীর বাপ্পি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের উপ-পরিচালক ডা. সুভাষ চন্দ্র দাসের সঙ্গে আমাদের বৈঠক হয়। ওই বৈঠকে তিনি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরে দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।" অবশ্য শুক্রবার দুপুর ২টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি বাস্তবায়ন না করলে আবার কর্মবিরতি পালন শুরু করা হবে বলে জানান বাপ্পি। এ ব্যাপারে শেরে বাংলা মেডিকেলের উপ-পরিচালক ডা. সুভাষ চন্দ্র দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষানবিস চিকিৎসকরা দুপুর ২টা থেকে কাজে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কবীর গাজী নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। রোগীর অভিভাবকরা এরপর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত শিক্ষানবিস চিকিৎসককে লাঞ্ছিত করে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবিতে রাত ১০টা থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেয় শিক্ষানবিস চিকিৎসকরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮১০ ঘ.