ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দেবে। একইসঙ্গে আরও ৫ কোটি মার্কিন ডলার বিভিন্ন সংস্থার কাছ থেকে তুলে দেওয়ারও আশ্বাস দিয়েছে এডিবি।
বৃহস্পতিবার বাংলাদেশ সফররত এডিবির ভাইস প্রেসিডেন্ট লি কুন জিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ অর্থ সাহায্যের আশ্বাস দেন। এসময় এডিবির ভাইস প্রেসিডেন্ট ঢাকা শহরের জন্য সরবরাহকৃত পানির মূল্য বৃদ্ধি ও প্রিপেইড মিটার ব্যবহারে কার্যকর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন।
সাক্ষাৎ শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের জানান, এডিবির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন। একইসঙ্গে নদী ভাঙন রোধে চীনের অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় কি না তাও বিবেচনা করার পরামর্শ দিয়েছেন।
উপদেষ্টা বলেন, "এডিবির সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৩৩৫ঘ.
bdnews24