২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি

রোগীর অভিভাবকদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার অভিযোগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা বুধবার রাত ১০টা থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 05:59 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

বরিশাল, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রোগীর অভিভাবকদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার অভিযোগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা বুধবার রাত ১০টা থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। ওই হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের (সিসিইউ) শিক্ষানবিস চিকিৎসক শাহেদুর রহমান সোহাগ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে তার ইউনিটে এক বৃদ্ধার মৃত্যু হয়। রোগীর অভিভাবকরা দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করে। ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুুল মান্নান অভিভাকদের শান্ত করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করা হয়। এই ঘটনার পর রাত ১০টা থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেয় শিক্ষানবিস চিকিৎসকরা। এ প্রসঙ্গে শিক্ষানবিশ চিকিৎসক আহসান কবীর বাপ্পি বলেন, "দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি।" তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে আমরা লিখিত আকারে প্রতিটি বিভাগের সহকারী রেজিস্ট্রারদের আমাদের দাবির কথা জানিয়েছি। বৃহস্পতিবার অফিস চলাকালে হাসপাতালের পরিচালককে আনুষ্ঠানিকভাবে দাবির কপি দেওয়া হবে।" কর্মবিরতির বিষয়টি স্বীকার করে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. বিধান চন্দ্র পোদ্দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্মবিরতির কারণে দ্বিতীয় শিফটে শিক্ষানবিস চিকিৎসকরা কাজে যোগ দেননি।" এ ব্যাপারে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি//জেকে/২৩৫৩ ঘ.