চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝড়ের সংকেত না মেনে সমুদ্র অতিক্রম করে চ্যানেলে প্রবেশ এবং ঝুঁকিপূর্ণ নোঙর কারার অপরাধে সাত কার্গো জাহাজ ও অয়েল ট্যাংকারকে পৌনে দু'লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই সাত জাহাজ ও ট্যাংকারকে আবহাওয়া শান্ত হওয়ার পর বন্দর ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর এ আদালত সোম ও মঙ্গলবার কার্গো জাহাজ এমভি মৌ মনি, এমভি রমাইসা হক, এমভি জুয়েল- ২, এমভি শার্প- ৩, এমভি থ্রি স্টার ও তেলবাহী ট্যাংকার এমটি শবনম- ২ ও এমটি হাফেজ জমির উদ্দিনকে জরিমানা করেন।
মুনীর চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তিন নম্বর সর্তকতা সংকেত জারি থাকার পরও এসব জাহাজ পতেঙ্গা মোহনার কাছে ঝুঁকিপূর্ণভাবে নোঙর ও চলাচল করে। এর মধ্যে একটি জাহাজ বন্দরের বার্থিং অনুমতি ছাড়াই মধ্যরাতে ঝড়ো হাওয়ার মধ্যে জেটিতে নোঙর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/২০৪৫ ঘ.
bdnews24