২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরখাস্ত

অদক্ষতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেনকে সোমবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে রাজধানীর দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অদক্ষতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেনকে সোমবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে রাজধানীর দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হল। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, থানার ব্যবস্থাপনায় অদক্ষতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আকতার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৪ অক্টোবর ঘুষ নেওয়ার অভিযোগে ওই থানার উপ পরিদর্শক আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর ঠিক দুদিন পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হলো। থানার কর্মকর্তারা জানান, একটি বীমা কোম্পানির গাড়ি চুরি মামলার তদন্তের অগ্রগতি সর্ম্পকে বাদী জানতে চাইলে আলী হোসেন বাদির কাছে ১০ হাজার টাকা দাবি করেন। বাদী ঘুষ হিসেবে ১০ হাজার টাকা আলী হোসেনকে দেওয়ার সময় গোয়েন্দা পুলিশের সদস্যরা মতিঝিলের একটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পায়। এসব তথ্যের ভিত্তিতেই ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে কর্মকর্তারা জানান। এর আগে গত ২ অক্টোবর রাতে উত্তরা থানার উপ পরিদর্শক আজাহার আলী ও সহকারি উপ পরিদর্শক আলাউদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রেষ্টুরেন্টে বসে একটি জমি সংক্রান্ত মামলার আসামির কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এরপর ৩ অক্টোবর একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তাকে তাৎক্ষণিকভাবে চট্টগাম রেঞ্জে বদলি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জেকে/২১২৩ ঘ.